🔥 TRENDING Tikamgarh Mother Hangs 2-Year-Old Son,... Asaram Bapu’s Ashram Blocks 80‑Foot Si... Madhya Pradesh CM Mohan Yadav to devel... ગોધરા રોડ પર આકાશ માર્ગનું નામકરણ 🔥 बड़ी चुनावी खबर — कुशलगढ़ में गरमाए... પંચમહલના કવાલી ગામમાં PPP યોજનાઓમાં ભ્...
02 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

৫ বছর ধরে জলমগ্ন রাস্তা! হাঁটু জলে যাতায়াত, রাস্তাতেই হাঁসের সংসার—ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 02 Sep 2026, 10:58 PM 👁 6
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
৫ বছর ধরে জলমগ্ন রাস্তা! হাঁটু জলে যাতায়াত, রাস্তাতেই হাঁসের সংসার—ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী

আজ আমরা এমন একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি, যা দেখলে আপনাদের মনেও উঠতে পারে একাধিক প্রশ্ন।

কেন বছরের পর বছর ধরে জলমগ্ন হয়ে পড়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা?
কেন সেই রাস্তা দিয়ে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ—সকলকেই হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে?

চলুন, দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন।

ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চল।
পাঁচগ্রাম অঞ্চলের কিশোরপুর গ্রামের কলোনিপাড়ার ছবি যেন এক অন্য সমস্যার কথা বলছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় পাঁচ বছর ধরে এই এলাকার যাতায়াতের রাস্তার বিভিন্ন অংশে জল জমে রয়েছে। কোথাও এক হাঁটু জল, আবার কোথাও হাঁটুর নিচ পর্যন্ত জল পেরিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এমনকি রাস্তার জমা জলে হাঁস সাঁতার কাটছে—এমন দৃশ্যও দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে আজ, বুধবার, এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি।

জল জমে থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন এলাকার ছোট ছোট শিশু, স্কুলপড়ুয়া, মহিলা এবং বয়স্করা থেকে শুরু করে সবাই।

স্থানীয়দের আরও দাবি, কোনও কোনও সময় বাড়ির চৌকাঠ পর্যন্ত জল উঠে আসে। ফলে কাঁচা বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাতেও রয়েছেন অনেকে।

দীর্ঘদিন ধরে জমে থাকা জলে পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রায় ছয় মাস আগে এলাকায় ডেঙ্গুর ঘটনাও সামনে এসেছিল।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় ছাত্রছাত্রীদের এই জল পেরোতে হচ্ছে। একইভাবে বাড়ির মহিলাদেরও নিত্যপ্রয়োজনে বারবার জল পার হতে হচ্ছে। এর ফলে কারও কারও পায়ে পাকোয় বা চর্মরোগের সমস্যাও দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের।

ক্যামেরার সামনে নিজের দুর্ভোগের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার এক প্রবীণ মহিলা। দীর্ঘদিনের এই সমস্যা বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি।

অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই রাস্তা থেকে জল না সরলে আগামী দিনে এখানে রাস্তার পরিবর্তে ধান কিংবা মাছ চাষ করতে হবে।

স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তার এই সমস্যার কথা পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান—সকলেই জানেন। তারপরেও বছরের পর বছর ধরে তাঁদের এই দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

বাসিন্দাদের দাবি, একবার পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তায় ঘ্যাস ফেলা হয়েছিল। কিন্তু তাতেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।

এবার আসা যাক পঞ্চায়েতের বক্তব্যে।

কিশোরপুর গ্রামের মেম্বারের স্বামী প্রতিনিধি হিসেবে জানান, সমস্যাটি সত্যি। তাঁর দাবি, আগের সরকারের আমলে এই রাস্তা থেকে জল নিকাশির জন্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছিল।

তবে সেই কাজের টেন্ডার হয়েছে কি না, তা তাঁর জানা নেই। বিষয়টি পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিব ভালো বলতে পারবেন বলেও জানান তিনি।

তাঁর আরও দাবি, বর্তমান পঞ্চায়েতের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থাকাকালীন রাস্তাটি ঢালাই করা হয়েছিল। কিন্তু রাস্তা তুলনামূলক নিচু হওয়ায় এবং পর্যাপ্ত জল নিকাশির ব্যবস্থা না থাকায় জল বের হতে পারছে না। আর সেই কারণেই সমস্যা আরও প্রকট হয়েছে বলে তাঁর বক্তব্য।

একই কথা জানিয়েছেন পাঁচগ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন।

তাঁর বক্তব্য, যেহেতু রাস্তার জল নিকাশির কাজটি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে প্রস্তাবিত হয়েছিল, কিন্তু এখনও সেই প্রকল্পের টাকা আসেনি, তাই কাজটি পড়ে রয়েছে।

তবে দ্রুত একটি মিটিং ডেকে এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

এখন প্রশ্ন একটাই—

প্রায় পাঁচ বছর ধরে জলমগ্ন এই রাস্তা কবে পাবে স্থায়ী সমাধান?
কবে হাঁটু জল পেরিয়ে যাতায়াতের দিন শেষ হবে?
কবে স্বাভাবিক রাস্তায় চলাচল করতে পারবেন এই এলাকার মানুষ?

প্রশাসন এবং পঞ্চায়েতের উদ্যোগের দিকেই এখন তাকিয়ে রয়েছেন কিশোরপুর গ্রামের কলোনিপাড়ার বাসিন্দারা।

বলাই প্রামানিকের রিপোর্ট
📲Get App