🔥 ट्रेंडिंग ಎಲ್ಲ ಧರ್ಮಗಳ ವಧು-ವರರ ಪರಿಚಯ ಮಹಾಮೇಳಾವ – ನ... Prabhat Kumar AAjhokopa Mataili Khemch... 54वां इंटरनेशनल एमी अवार्ड्स 2026: विज... કોન્ટ્રાક્ટરે રોડ પર ગ્રીલની વેલ્ડિંગ... दंगल टीवी पर नई रोमांटिक ड्रामा 'महक त... जहानाबाद में सरकारी स्कूल के शिक्षकों...
24 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শিক্ষা-সংস্কৃতির মেলবন্ধনে নবগ্রাম শৈশব নার্সারি স্কুলের ২২তম বার্ষিক উৎসব, তিন দিনের অনুষ্ঠানে মুগ্ধ পড়ুয়া ও অভিভাবকরা

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 24 नव. 2026, 11:30 AM 👁 18
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শিক্ষা-সংস্কৃতির মেলবন্ধনে নবগ্রাম শৈশব নার্সারি স্কুলের ২২তম বার্ষিক উৎসব, তিন দিনের অনুষ্ঠানে মুগ্ধ পড়ুয়া ও অভিভাবকরা।

তিন দিনের আনন্দ, প্রতিভার উচ্ছ্বাস ও সম্মাননার আবেগে জমজমাট নবগ্রাম শৈশব নার্সারি স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান

নবগ্রাম, মুর্শিদাবাদ: শিশুদের হাসি, প্রতিভার বিচ্ছুরণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং কৃতীদের সম্মাননার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হল নবগ্রাম শৈশব নার্সারি স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান ২০২৬। গত ২১, ২২ ও ২৩শে নভেম্বর, তিন দিন ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এই বার্ষিক উৎসব।

অনুষ্ঠানের প্রথম দু’দিন, অর্থাৎ ২১ ও ২২ শে নভেম্বর পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আর ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয় ও অন্যান্য উপহারের মাধ্যমে বরণ করে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্যের মাধ্যমে শিশুদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়ারাও নিজেদের বক্তব্য তুলে ধরে উপস্থিত সকলের নজর কাড়ে। বাংলা, হিন্দি ও ইংরেজি—তিনটি ভাষায় সাবলীলভাবে বক্তব্য পরিবেশন করে তারা নিজেদের ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়।

প্রথম দু’দিনের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণির কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। বিশেষভাবে সম্মান জানানো হয় ২০২৫ সালের চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদেরও।

পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের দিকেও যে বিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে, তার প্রমাণ মেলে অনুষ্ঠানের মঞ্চে। পড়ুয়াদের আকর্ষণীয় ক্যারাটে প্রদর্শনী এবং আবাকাস ডেমোনস্ট্রেশন উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এরপর একের পর এক নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে তোলে বিদ্যালয়ের খুদে শিল্পীরা। প্রতিটি পরিবেশনার পরেই অভিভাবক ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

এদিন নবগ্রামের সাংবাদিকদেরও সংবর্ধনা জানিয়ে তাদের পেশাগত কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানজুড়ে অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্তানদের মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরতে দেখে আনন্দ ও গর্ব প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সালে পথচলা শুরু করে নবগ্রাম শৈশব নার্সারি স্কুল। দেখতে দেখতে ২২ বছরে পদার্পণ করল এই শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এই পথচলায় পড়ুয়াদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সাংস্কৃতিক চর্চা ও সার্বিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে আসছে বিদ্যালয়টি।

এই তিন দিনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের সম্পাদক সুজিত কুমার দত্ত, প্রধান শিক্ষক দাদাভাই মানব মণ্ডল, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা, যাদের পড়ুয়ারা স্নেহভরে দাদাভাই ও দিদিভাই বলে সম্বোধন করে থাকেন।

সব মিলিয়ে নবগ্রাম শৈশব নার্সারি স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান শুধুমাত্র একটি সাংস্কৃতিক উৎসবেই সীমাবদ্ধ থাকেনি, বরং শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার এক সুন্দর প্রয়াস হয়ে উঠেছে। তিন দিনের আনন্দঘন আয়োজন শেষ হলেও পড়ুয়া, অভিভাবক ও অতিথিদের মনে এই অনুষ্ঠানের স্মৃতি দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
📲Get App