ছাতনায় BMOH-এর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ, অশালীন আচরণের অভিযোগে তালা লাগিয়ে বিক্ষোভ।
Watch on:
📘 Facebook
ছাতনা, বাঁকুড়া: ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) অর্চনা কুণ্ডুর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভে সামিল হলেন প্রায় ৫০ এর বেশি ANM নার্স কর্মী। আজ সকাল থেকেই ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এমনকী, কার্যালয়ের গেটে তালা লাগিয়েও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিক্ষোভকারী ANM নার্স কর্মীদের অভিযোগ, গতকাল কমলপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে BMOH অর্চনা কুণ্ডু ওই কেন্দ্রের ANM কর্মী রিনা রক্ষিতের সঙ্গে অশালীন আচরণ করেন। অভিযোগ, তাঁর ওড়না খুলে দেওয়ার পাশাপাশি শাড়ি খুলে ফেলার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদেই ছাতনা ব্লকের ANM কর্মীরা একজোট হয়ে আজ বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অভিযুক্ত BMOH-কে পদত্যাগ করতে হবে। অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাতনার BMOH অর্চনা কুণ্ডু বলেন, “আমি কোনও অশালীন ব্যবহার করিনি। ক্ষমা চেয়ে মেসেজ করেছি।”একদিকে ANM কর্মীদের বিক্ষোভ ও পদত্যাগের দাবি, অন্যদিকে BMOH-এর বক্তব্য - সব মিলিয়ে ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।