🔥 TRENDING Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O... Six Nehru-era Decisions Identified as... International Film Festival of India i... CJP to Kick Off ‘Kya Bolti Public’ Cam... Four Beach Shacks Destroyed in Calangu...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

প্রত্যন্ত গ্রাম বাঁকিপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উপকৃত আট থেকে আশি

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 10 Nov 2026, 09:26 PM 👁 83
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
প্রত্যন্ত গ্রাম বাঁকিপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উপকৃত আট থেকে আশি

নবগ্রাম, মুর্শিদাবাদ: চিকিৎসা পরিষেবা থেকে যাতে প্রত্যন্ত গ্রামের মানুষ বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এবার গ্রামের দোরগোড়ায় পৌঁছে গেল চক্ষু চিকিৎসার পরিষেবা। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুলপুর অঞ্চলের বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ বিদ্যালয়ে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে আট থেকে আশি—বিভিন্ন বয়সের বহু মানুষ চোখ পরীক্ষা করাতে উপস্থিত হন।

শিবিরে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া, অ্যালার্জি, দৃষ্টিশক্তি কমে যাওয়া থেকে শুরু করে ছানি সংক্রান্ত সমস্যাও খতিয়ে দেখেন চিকিৎসকেরা। যেসব রোগীর চোখে ছানি ধরা পড়েছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাদের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের তারিখ দেওয়ার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট অস্ত্রোপচার বহরমপুরের সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে করা হবে। পাশাপাশি আয়ুষ্মান কার্ডের মাধ্যমেও অস্ত্রোপচারের সুযোগ রয়েছে বলে শিবির কর্তৃপক্ষের তরফে জানানো হয়। উন্নতমানের লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থাও রয়েছে ওই প্রতিষ্ঠানে। যাদের চশমার প্রয়োজন, তাদের জন্য নামমাত্র মূল্যে চশমা দেওয়ার ব্যবস্থাও করা হয়।

উল্লেখ্য, বাঁকিপুর ব্রহ্মাণী নদীর বাঁধ সংলগ্ন একটি প্রত্যন্ত কৃষিপ্রধান এলাকা। এলাকার অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। কাজের ব্যস্ততা এবং চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের দূরত্বের কারণে অনেক সময় চোখের সমস্যা থাকা সত্ত্বেও চিকিৎসকের কাছে পৌঁছনো সম্ভব হয় না তাদের। সেই কথা মাথায় রেখেই গ্রামের মানুষের কাছে চক্ষু চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ। শিবিরের প্রথম দিকে রোগীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। আশপাশের গ্রামের বহু মানুষও শিবিরে এসে পরিষেবা গ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলীর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। তাকে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মতিউর রহমান। অন্যদিকে, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিবির আয়োজনের প্রস্তাব দেয় সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। শিবিরের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে সোমবার সারাদিন ধরে মাইকযোগে বাঁকিপুর ও পার্শ্ববর্তী এলাকায় প্রচার চালানো হয়।

শিবিরে চোখ পরীক্ষা করাতে আসা গ্রামবাসীরা জানান, চিকিৎসকেরা অত্যন্ত যত্ন সহকারে তাদের চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তাদের কথায়, কৃষিকাজের ব্যস্ততার কারণে আলাদা করে সময় বের করে দূরে চিকিৎসকের কাছে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। কিন্তু গ্রামের কাছেই এমন শিবির হওয়ায় যাতায়াতের ঝামেলা ছাড়াই তারা চোখ পরীক্ষা করানোর সুযোগ পেয়েছেন। এই উদ্যোগের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পাশাপাশি প্রতি বছর এই ধরনের চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের আবেদনও জানান গ্রামবাসীরা।

জানা গিয়েছে, আগামী দু’ থেকে তিন মাসের মধ্যে বাঁকিপুর নজরুল বিদ্যাপীঠ বিদ্যালয়ে পুনরায় চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের। মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত চলে এই শিবির।

প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে গ্রামীণ এলাকার প্রবীণ ও কর্মব্যস্ত মানুষের কাছে এই ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির যে যথেষ্ট সহায়ক, বাঁকিপুরের এই উদ্যোগে ফের তারই প্রমাণ মিলল।
📲Get App